পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত বুধবারের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত মঙ্গলবার ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানকে র্যাগ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্তে বিজ্ঞান অনুষদের ডিন মো. ফজলুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডেকে নেন। সেখানে নবীনদের সঙ্গে খারাপ ব্যবহার, বিভিন্ন দোষত্রুটি খোঁজা এবং নানাভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে মুশফিকুর রহমান অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. রাশেদুল হক বলেন, "বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য