চার বছর পর চাকরি ফিরে পেলেন আলোচিত ‘টিপকাণ্ডের’ কনস্টেবল
রাজধানীর ফার্মগেটে বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেককে চার বছর পর চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দেওয়া রায়ে আদালত নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম কাজল।
২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে নাজমুল তারেককে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়। সে সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশ সদস্য নাজমুল তারেক তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেছিলেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বিভাগীয় তদন্তের ভিত্তিতে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী বিভাগীয় কার্যক্রম শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে শুরু থেকেই নাজমুল তারেক অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তার দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের পাশে থাকা এক দোকানদারও সাক্ষ্য দিয়েছেন যে তিনি টিপ নিয়ে কোনো কটূক্তি করেননি।
চাকরিচ্যুত হওয়ার পর পুনর্বহালের দাবিতে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তার পক্ষে রায় দিয়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য