জাবিতে আন্দোলন স্থগিত, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের অনেক কর্মকর্তা কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান জানান, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা দেন। এসময় কর্মকর্তা-কর্মচারীরা ভবনের ভেতরে অবস্থান করছিলেন।
সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি স্বীকার করেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক এবং প্রশাসন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি।
পরে আন্দোলনকারীদের প্রতিনিধি নাজিহা বিনতে শামসুদ্দিন জানান, আগামী ২০ মে অফিস চলাকালে তদন্ত প্রতিবেদন শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে এবং ওই দিনের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত করতে হবে।
তবে উপাচার্য বলেন, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া কঠিন হলেও তিনি তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।
পরে আন্দোলনকারীরা রেজিস্ট্রার ভবনের তালা খুলে দিলেও প্রক্টর কার্যালয়ের তালা খোলা হয়নি।
এদিকে ক্যাম্পাসে পৃথক ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রাত ১০টার দিকে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আশুলিয়া থানা পুলিশ জানায়, ইসলামনগর গেট এলাকায় এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও অশালীন মন্তব্য করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এছাড়া আন্দোলনরত নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে এক দোকান কর্মচারীসহ আরও দুজনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৩ মে অভিযুক্তকে আটকের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় তারা বিক্ষোভ মিছিল, উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রক্টর কার্যালয়ে তালা দেওয়ার মতো কর্মসূচি পালন করেন।
ভিওডি বাংলা/আ







