সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, আটক ১
গাড়িতে সরকারি বাহিনীর স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের আরেকটি চেষ্টার অভিযোগে কক্সবাজারে ২৮ হাজার পিস ইয়াবাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউনিয়নের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ওবায়দুল হাসান (৪১)। তিনি বগুড়া সদর উপজেলার বাগুপাড়া এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজারকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন।
পালানোর সময় গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আহত হন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হলে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ল্যান্ড ক্রুজারটি।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ মাদক চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি ব্যক্তিগত গাড়িতে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অভিযানে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি ও চারটি মোবাইল ফোন।
মাত্র আট দিনের ব্যবধানে সরকারি বাহিনীর স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের দ্বিতীয় ঘটনা সামনে আসায় মাদক পাচারকারীদের নতুন কৌশল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য