• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘চাঁদাবাজি চললে তারেক রহমানকে লাল কার্ড দেখাবে জনগণ’

  জামালপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০২:২৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চাঁদাবাজি, দখলদারি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ না হলে দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে শহরের দয়াময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়।

সারজিস আলম বলেন, ‘নতুন করে বিভিন্ন ধরনের কার্ডের রাজনীতি শুরু হয়েছে। পরিবার কার্ড, কৃষক কার্ড, সর্বশেষ ইউনিভার্সাল কার্ডের কথা বলা হচ্ছে। আমরা জানতে চাই, ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড, দখলদার কার্ড কিংবা থানা দখলের কার্ডও থাকবে কি না। যদি ছাত্রদল, যুবদল বা বিএনপির মাধ্যমে এসব কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মানুষ আপনার ব্যক্তিগত মুখ দেখে ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং ধানের শীষের প্রতীকের প্রতি আস্থার জায়গা থেকে। আপনার বাবা-মা গণভোটের রায় বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোট ও জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে জনগণ আপনাদের গাদ্দার হিসেবে অভিহিত করবে।’

স্বাস্থ্যসেবার সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘জামালপুরে হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই; ডাক্তার থাকলে নার্স নেই; নার্স থাকলে ওষুধ নেই; আর ওষুধ থাকলেও ব্যবস্থাপনার অভাব রয়েছে। সদর হাসপাতালগুলোর বর্তমান অবস্থা থাকার চেয়ে না থাকাই ভালো। কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই জমিদারের মতো আচরণ করেন, আর সাধারণ মানুষ চিকিৎসার জন্য হয়রানির শিকার হয়।’

তিনি আরও বলেন, ‘ভূমি অফিসকে চাঁদাবাজির কারখানায় পরিণত করা যাবে না। থানাগুলোকে ক্ষমতার অপব্যবহারের কেন্দ্রে পরিণত করা যাবে না। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা যেন কোনো রাজনৈতিক দলের দালালি বা চাটুকারিতা না করেন। ক্ষমতা চিরস্থায়ী নয়—আজ আওয়ামী লীগ নেই, বিএনপিও একদিন নাও থাকতে পারে। তাই বিবেক বিসর্জন দিয়ে ক্ষমতার অপব্যবহার করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’

সমাবেশে এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জেলা সদস্যসচিব ডা. মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কম্বোডিয়ায় নারী পাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার