• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইন্টারনেট বন্ধ, আন্দোলনে থমথমে দিল্লি

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১০:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নিরাপত্তার স্বার্থে যন্তর মন্তর এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাতভর আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

তবে এ অভিযোগ নাকচ করেছে দিল্লি পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আন্দোলন দমনে রাতের বেলায় কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই। পাশাপাশি যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিচ্ছিন্ন সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনস্থলের আশপাশে শক্তিশালী মোবাইল জ্যামার চালু করা হয়।

সরকারি সূত্রের দাবি, সেন্ট্রাল দিল্লি ও কনট প্লেস এলাকায় সংঘটিত একাধিক সহিংস ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ঘটনায় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) পদমর্যাদার দুই কর্মকর্তাও রয়েছেন।

পুলিশের অভিযোগ, মঙ্গলবার কনট প্লেস এলাকায় আন্দোলনকারীদের একাংশ র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) ৪৫ বছর বয়সী এক সদস্যের ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।

বুধবার সন্ধ্যায় যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেস (রাজীব চক) এলাকার সব দোকানপাট, অফিস ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়।

নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (এনডিটিএ) জানায়, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ী সংগঠনটির ভাষ্য, কনট প্লেস ও আশপাশের এলাকায় বিপুল লোকসমাগম এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এনডিটিএর সভাপতি অতুল ভার্গব বলেন, কর্মচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাহুল গান্ধীর বাসভবনে 'ইন্ডিয়া' জোটের বৈঠক
ছবি: সংগৃহীত
পুলিশের গাড়ি আটকে ভাইরাল, কে এই রিয়া আহির
ছবি: সংগৃহীত
বিক্ষোভকারীদের মাদক মামলার হুমকি, মুম্বাই পুলিশকে বরখাস্ত