প্রধানমন্ত্রী আজ গাজীপুর যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফরকে কেন্দ্র করে গাজীপুর মহানগর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সফরকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরী আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অস্থায়ীভাবে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আওতায় নির্দিষ্ট সময়ের জন্য নতুন ব্যক্তি বা ভাড়াটিয়ার বসবাস সীমিত করা হয়েছে। একইসঙ্গে ড্রোন উড়ানো, অস্ত্র কিংবা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে। টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা ও মাঝিপাড়াসহ বেশ কয়েকটি এলাকা এ নির্দেশনার আওতায় আনা হয়েছে। এছাড়া গাছা থানার চতুরা, কুনিয়া, নিশাত হাউজিং ও আশপাশের এলাকাতেও একই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রবেশপথে তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
পুলিশের গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অনুমতি ছাড়া কোনো ধরনের ড্রোন বা ইলেকট্রনিক উড়ন্ত যন্ত্র ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জারি করা নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা







