• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কিউবার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৮:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে বিমান ভূপাতিত করার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

বুধবার (২০ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ এনেছে। এসব অভিযোগ ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি আকাশে দুটি বিমান ভূপাতিত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত।

বুধবার প্রকাশিত মামলায় কাস্ত্রো ও আরও পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। ভূপাতিত হওয়া বিমান দুটি কিউবান-আমেরিকান সংগঠন ‘ব্রাদারস টু দ্য রেসকিউ’-এর ছিল। এ ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজন নিহত হন। বর্তমানে ৯৪ বছর বয়সী কাস্ত্রো তখন কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন। ওই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে কিউবার ব্যাপক সমালোচনা হয়েছিল।

কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ আইনি ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। মিয়ামির ফ্রিডম টাওয়ারে বক্তব্য দিতে গিয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, যুক্তরাষ্ট্র কাস্ত্রোর বিরুদ্ধে বিমান ধ্বংস এবং চারটি পৃথক হত্যার অভিযোগও আনবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের নাগরিকদের কখনো ভুলে যায়নি, ভবিষ্যতেও ভুলবে না।

বিবিসি জানিয়েছে, অভিযোগগুলো এখন মার্কিন আদালতে বিচারাধীন হবে। কিছু অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। হত্যার অভিযোগগুলোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।

এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও একটি নতুন কিউবার মধ্যে নতুন সম্পর্কের পথ তৈরি করতে চান।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত : শুভেন্দু
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত : শুভেন্দু
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান
নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’
নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’