২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বৃহস্পতিবার (২১ মে) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ২০৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।
এ ছাড়া এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ৪০৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৩৩৬ জন। তবে এখনও উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
ভিওডি বাংলা/জা







