চকবাজারে নকল প্রসাধনী জব্দ, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর চকবাজার এলাকায় নকল প্রসাধনী তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল কসমেটিকস ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে র্যাব-১০ এর সিপিএসসি ও লালবাগ ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, চকবাজার থানাধীন দেবিদাসঘাট এলাকার একটি আবাসিক ভবনে গোপনে নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি করা নকল কসমেটিকস, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা পণ্য ধ্বংস করা হয়।
এ ঘটনায় ব্যবসায়ী মোবারক হোসেন মিন্টুকে ২ লাখ টাকা এবং বাদশা নামে আরেক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরেই তারা ভেজাল, নকল ও প্রতারণামূলক পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। বিশেষ করে নকল প্রসাধনী ও নিম্নমানের পণ্য বাজারজাতের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
ভিওডি বাংলা/জা







