ঈদযাত্রায় নৌ-দুর্ঘটনা রোধে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে বেশকিছু জরুরি নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
শনিবার (২৩ মে) মন্ত্রণালয়ের সংবাদ এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে, ২০২৬ তারিখ থেকে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট হতে শিমুলিয়া-চাদঁপুর-ঈদগাঁও এবং ঢাকাস্থ বসিলা লঞ্চঘাট থেকে বসিলা, হাকিমুদ্দিন, চাঁদপুর, মুলাদি, গলাচিপা, বরিশাল, ইলিশা নৌরুটে লঞ্চ চলাচল করবে। সেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য হটলাইন নম্বর ১৬১১৩ এ যোগাযোগ করা যাবে।
এতে আরও বলা হয়, যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে সদরঘাট হতে ঈদের পূর্ববর্তী ৫ দিন সকল যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন এবং ঈদের পরবর্তী ৫ দিন অন্যান্য নদীবন্দর হতে সদরঘাটগামী সকল যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। একইসঙ্গে ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সকল ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে।
নৌপথে চলাচলকারী যাত্রীগণকে কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকল্পে কোনো অবস্থাতেই নৌকা/ট্রলার হতে লঞ্চে উঠানামা না করার জন্য অনুরোধ করা হয়েছে।
অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানোর জন্য যাত্রীদের অনুগ্রহ করে অবশ্যই বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠার জন্য অনুরোধ করা হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







