স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার ২৩৪ বোতল ফেন্সিডিল

সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার হয়েছে ২৩৪ বোতল ফেন্সিডিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে এলাকাবাসী।
সোমবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার হাদিপুর এলাকার রশিদের ইটভাটার পেছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ইটভাটার পেছন দিক থেকে মূল সড়কের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় যুবকরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেন। পরে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান বলেন, “আমি রাস্তার পাশে একা বসেছিলাম। হঠাৎ দেখি ৭/৮ জন লোক মাথায় বস্তা নিয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্য করে কে কে বললে তারা দ্রুত চলতে ও পরে ইট তুলে মারার চেষ্টা করে। পরে আমি বন্ধুদের ফোন করে ডাক দিলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।”
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম জানান, ওহিদুজ্জামানের ফোন পেয়ে ঘটনাস্থলের দিকে গেলে মূল সড়কে একটি সাদা প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত এলাকা ত্যাগ করে।
স্থানীয় ইউপি সদস্য আসমতুল্লাহ গাজী বলেন, যুবকদের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া দুটি বস্তা তল্লাশি করে ২৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করে।
দেবহাটা থানার এসআই নকীব সাংবাদিকদের বলেন, “স্থানীয় মেম্বারের ফোন কলে আমরা ঘটনাস্থলে এসে ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছি। এগুলো থানায় নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ভিওডি বাংলা/এমএস







