কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
জানা গেল আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে ছয়টি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকার এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করবে না।
এ সময় স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। এর প্রভাব এখনো দেশের চিকিৎসা ব্যবস্থায় রয়ে গেছে।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালগুলোতে জনবল সংকট, অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার দুর্বলতার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার বৃদ্ধির পেছনেও দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এফএ







