সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের রাষ্ট্র গড়ে তোলাই সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, যারা একদলীয় শাসনের কথা বলে, একটি বিশেষ ধর্মকে জোর করে প্রতিষ্ঠা করতে চায় এবং বৈচিত্র্যের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান মানতে পারে না, তারা সমাজবিরোধী, মানবতাবিরোধী এবং সভ্যতার বিরুদ্ধে।
শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদার মহাশয়ের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গঠনের আগেই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতির অন্যতম ভিত্তি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ। ধর্ম, বর্ণ, ভাষা, পাহাড়ি-সমতল—সব পরিচয়ের মানুষ সমান মর্যাদায় বসবাস করবে।
একদলীয় শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, প্রকৃতির আইনই হচ্ছে বৈচিত্র্য। কেউ যদি মনে করে ‘আমি থাকব, আর কেউ থাকবে না’, তাহলে ইতিহাস, সভ্যতা এবং প্রকৃতির আইনই প্রমাণ করে তারা নির্বোধ এবং অবাঞ্ছিত।
জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার নামে বিভাজনের রাজনীতি হয়েছে এবং সেই অভিজ্ঞতা মানবসভ্যতার জন্য ইতিবাচক নয়। বিভক্তি সৃষ্টি করেই অপশক্তি তাদের অপচিন্তা বাস্তবায়নের সুযোগ পায়। তাই বিভাজনের রাজনীতি নয়, সহাবস্থানের রাজনীতিই হতে হবে আমাদের পথ।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, নিজেদের আদর্শ ও চর্চা থাকবে, কিন্তু লক্ষ্য হবে সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান। ছোট ছোট পরিসরেও বিভক্তির জায়গা তৈরি হতে দেওয়া যাবে না।
সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, তার অন্যতম লক্ষ্য হলো- ধর্ম, বর্ণ, ভাষা, জাতি নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা। জনগণ সেই অঙ্গীকারের প্রতি আস্থা রেখেই আমাদের সরকার গঠনের সুযোগ দিয়েছে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে কিংবা দেশের বাইরে যারা বৈচিত্র্য ও সহাবস্থানের বিপক্ষে কথা বলে বা কাজ করে, তারা যে ধর্মেরই অনুসারী হোক না কেন, তারা শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নয়। আর যারা বৈচিত্র্যকে ধারণ করে, তারা ভিন্ন ধর্মের অনুসারী হলেও একই মানবিক মূল্যবোধে বিশ্বাসী।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা যদি মানুষের জন্য নানা পথ নির্ধারণ করে থাকেন, তাহলে আমাদের দায়িত্ব হলো সেই বৈচিত্র্যকে সম্মান জানিয়ে একসঙ্গে বসবাস করা। এটাই সভ্য সমাজ ও মানবতার মূল শিক্ষা।
ভিওডি বাংলা/এমআই/এফএ








মন্তব্য