• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০২:০৬ পি.এম.
ফেসবুক পোস্টে দেশের মেধাবী তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন জাইমা রহমান। ছবি: সংগৃহীত
ফেসবুক পোস্টে দেশের মেধাবী তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন জাইমা রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রতিভাবান তরুণ-তরুণীর কোনো ঘাটতি নেই। তবে আর্থিক সীমাবদ্ধতা, পারিবারিক দায়িত্ব, শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে তাদের অনেককেই অল্প বয়সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং তাদের পাশে সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।

পোস্টে জাইমা রহমান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে তার পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। এসব শিক্ষার্থীর কেউ স্কাউটিং, কেউ বিজ্ঞানমেলা, কেউ বিতর্ক, আবার কেউ খেলাধুলা, পরিবেশ সংরক্ষণ, ভাষা শিক্ষা কিংবা কোডিংয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

তার ভাষ্য, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এসব তরুণ প্রতিদিন নিজেদের দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করছে। তাদের শেখার আগ্রহ, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবল তাকে মুগ্ধ করেছে।

জাইমা রহমান বলেন, বাংলাদেশের তরুণদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বাস্তবতা হলো, অনেকেই খুব অল্প বয়সেই বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ে। কারও শিক্ষাজীবনে আর্থিক সংকট বাধা হয়ে দাঁড়ায়, কারও কাঁধে এসে পড়ে পরিবারের দায়িত্ব। আবার ভিন্নভাবে সক্ষম অনেক শিক্ষার্থীকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। প্রয়োজনীয় সহায়তার অভাবে অনেক সম্ভাবনাময় তরুণ এগিয়ে যাওয়ার পথ হারিয়ে ফেলে।

তিনি উল্লেখ করেন, অনেক শিক্ষার্থীর কাছে সফল হওয়া শুধু ব্যক্তিগত স্বপ্ন নয়, বরং পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার দায়িত্বও। তাই ছোট বয়সেই তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, যা মানসিক ও সামাজিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

পোস্টে তরুণদের জীবনে রোল মডেলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জাইমা রহমান। তিনি বলেন, কোনো মানুষকে অনুপ্রেরণার উৎস হতে হলে বিখ্যাত বা নিখুঁত হওয়া জরুরি নয়।

তার মতে, একজন সংগ্রামী বাবা কিংবা মা, দায়িত্বশীল শিক্ষক, নিবেদিতপ্রাণ প্রশিক্ষক অথবা এমন কোনো মানুষ, যার জীবন দেখে একজন তরুণ সাহস পায়-তিনিও হতে পারেন প্রকৃত রোল মডেল। এমন মানুষদের কাছ থেকেই নতুন প্রজন্ম আত্মবিশ্বাস অর্জন করে এবং বড় স্বপ্ন দেখার সাহস পায়।

বাংলাদেশের তরুণদের অনুপ্রেরণা খুঁজতে সবসময় বিদেশের দিকে তাকানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন জাইমা রহমান।

তিনি জানান, দেশে অবস্থানকালে এমন অনেক মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে, যাদের সাহস, মেধা, নিষ্ঠা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে। এসব মানুষের জীবনগল্প দেশের তরুণদের কাছেও বাস্তব ও গ্রহণযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশের আরও অনুপ্রেরণাদায়ী মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হবে।

জাইমা রহমান বলেন, অনুপ্রেরণা দেওয়া গুরুত্বপূর্ণ হলেও সেটিই যথেষ্ট নয়। এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি শিশু ও শিক্ষার্থী নিজের মেধা ও দক্ষতা বিকাশের সমান সুযোগ পাবে।

তার মতে, শিক্ষা, খেলাধুলা কিংবা নতুন কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ভাগ্য, পরিচিতজন কিংবা পরিবারের অতিরিক্ত ত্যাগের ওপর নির্ভর না করে। রাষ্ট্র ও সমাজকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে প্রতিটি শিশু তার যোগ্যতা অনুযায়ী এগিয়ে যেতে পারে।

পোস্টের শেষাংশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে জাইমা রহমান বলেন, পরবর্তী প্রজন্মকে পথ দেখাতে এবং তাদের সম্ভাবনা বিকাশে আরও বেশি মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একজন অভিজ্ঞ মানুষের সামান্য উৎসাহ, আন্তরিক পরামর্শ কিংবা বিশ্বাসও কোনো তরুণের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক সময় একটি ছোট সহানুভূতিও একজন শিক্ষার্থীকে নিজের স্বপ্নের প্রতি আরও আত্মবিশ্বাসী করে তোলে।

সবশেষে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর অভাব আছে কি না, সেটি আর আলোচনার বিষয় নয়। কারণ দেশের চারপাশেই প্রতিনিয়ত তাদের যোগ্যতার প্রমাণ মিলছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-যখন এসব তরুণদের সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন আমরা তাদের পাশে দাঁড়াতে কতটা প্রস্তুত এবং কতটা কার্যকর ভূমিকা পালন করছি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বর-অক্টোবরে’
জিয়াউর রহমানের খুনি মোজাফফরকে নিয়ে সেনাবাহিনীর সিদ্ধান্ত জানাল আইএসপিআর
জিয়াউর রহমানের খুনি মোজাফফরকে নিয়ে সেনাবাহিনীর সিদ্ধান্ত জানাল আইএসপিআর
ছবি: সংগৃহীত
যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর