সাপের কামড়ে শিশুর মৃত্যু, ঈদ আনন্দে নেমে এলো শোকের ছায়া

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে ফাহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে উপজেলার কুতুবপুর সুলতাননগর গ্রামে, নিহত ফাহাদ আশরাফ আলীর ছেলে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার (২৭ মে) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় উঠানের পাশে থাকা ইটের খোয়ারের (মুরগির ঘর) নিচ থেকে হঠাৎ একটি সাপ বের হয়ে তাকে একাধিকবার কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার পর স্বজনদের আগ্রহে ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরাও তার মৃত্যু নিশ্চিত করেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিষধর সাপের একাধিক ছোবলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতেও কিছুটা বিলম্ব হয়। এসব কারণে শিশুটি সম্ভবত পথেই মারা গেছে বলে তিনি মনে করেন।”
ভিওডি বাংলা/এমএস







