ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১ জুন) সকালে রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে তারা নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদ জানান এবং তার পদত্যাগ দাবি করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক ও ব্যাংক এলাকা থেকে সরিয়ে দিতে পুলিশ উদ্যোগ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান থেকে পানি ছিটানো হয় এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
এতে বিক্ষোভস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীদের একটি বড় অংশ সরে যেতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের দাবি, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কিন্তু কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে।
তারা অভিযোগ করেন, ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে। আন্দোলনকারীদের ভাষ্যমতে, এই নিয়োগের মাধ্যমে বিতর্কিত গোষ্ঠীর প্রভাব আবারও ব্যাংকে ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রতিষ্ঠানটির জন্য ক্ষতিকর হতে পারে।
তবে প্রথম দফায় ছত্রভঙ্গ হওয়ার পরও আন্দোলনকারীদের একটি অংশ পুনরায় ব্যাংকের আশপাশে অবস্থান নেয় এবং তাদের দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/জা







