সাত দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
সোমবার (১ জুন) সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়।
ঈদের ছুটি শেষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের আনাগোনায় বন্দর এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা গেছে। বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা যায়। সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিতে বন্দরে আসতে শুরু করেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
ভিওডি বাংলা/আ







