• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অপচয়মুক্ত প্রয়োজনভিত্তিক বাজেট প্রণয়নের আহ্বান রাশেদ প্রধানের

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০৫:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় বাজেটকে কেন্দ্র করে অপচয়, ঋণনির্ভরতা ও আমলাতান্ত্রিক ব্যয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলটি সংকুচিত ও প্রয়োজনীয় ব্যয়ভিত্তিক বাজেট প্রণয়নের আহ্বান জানিয়ে ৭.৫০ লাখ কোটি টাকার একটি বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল ৩টায় পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত “২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা, অপচয় ও আধিপত্যবাদবিরোধী পথনকশা” শীর্ষক অনুষ্ঠানে দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ প্রস্তাবনা তুলে ধরেন।

রাশেদ প্রধান বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সাথে আশঙ্কা করছি যে, ঘোষিত হতে যাওয়া বাজেটের মূল কাঠামোতে এখনও সেই পতিত স্বৈরাচারের আমলাতান্ত্রিক অপচয় ও প্রদর্শনীবাদী অর্থনীতির ভূত সওয়ার হয়ে আছে। ঋণনির্ভর ফাঁপা বড় বাজেট দিয়ে নয়, বরং রাষ্ট্রীয় কোষাগারকে লুটেরামুক্ত করে এবং দেশের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করেই একটি স্বনির্ভর ও মর্যাদাসম্পন্ন অর্থনীতি গড়ে তোলা সম্ভব। অপচয় ও আধিপত্যবাদবিরোধী সংকুচিত ও প্রয়োজনীয় ব্যয়ভিত্তিক বাজেট দিন।”

তিনি আরও বলেন, “আজকে আমাদের উপস্থাপিত এই বাজেট পথনকশা কোনো নিছক তাত্ত্বিক সংখ্যার খেলা নয়। এটি এদেশের সাধারণ করদাতাদের লুণ্ঠিত অর্থের সুরক্ষা, তরুণ-যুবকদের মর্যাদা এবং আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার এক অমোঘ দলিল। আমরা নবনির্বাচিত বিএনপি সরকারকে স্পষ্ট ভাষায় সতর্ক করতে চাই, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণে কেনা এই বাংলাদেশে আমলাতান্ত্রিক অপচয় ও আধিপত্যবাদের চক্রে ফেলে পুনরায় কলঙ্কিত করবেন না।”

জাগপার প্রস্তাবিত বাজেটে অপচয় ও অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ শূন্যের কোঠায় নামিয়ে আনার মাধ্যমে বাজেট ঘাটতি মোকাবিলার কথা বলা হয়েছে। একই সঙ্গে কালো টাকা বৈধ করার সুযোগ সম্পূর্ণ বাতিল, পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা বাজেয়াপ্ত, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ডভিত্তিক ব্যবস্থার পরিবর্তে সরাসরি স্বয়ংক্রিয় ডিজিটাল ক্যাশ ট্রান্সফারের প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া ব্যক্তি করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা, হয়রানিমুক্ত “ফেসলেস কর ব্যবস্থা” চালু, অগ্রিম কর ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, নারী উদ্যোক্তা ও এসএমই খাতের জন্য বিশেষ কর অবকাশ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ধাপে ধাপে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ এবং স্বাধীন জনস্বাস্থ্য সুরক্ষা অধিদপ্তর গঠনের সুপারিশ করা হয়েছে।

তরুণদের কর্মসংস্থান বাড়াতে ১ হাজার কোটি টাকার ‘উদ্যোক্তা সংযোগ কর্মসূচি’, গ্রামীণ কর্মসংস্থানভিত্তিক প্রকল্প, শর্তযুক্ত বৈদেশিক ঋণ পরিহার এবং জিডিপির ৫ শতাংশ সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাবও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক মো. সাইফউদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার এবং জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুলসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, আরও পদ পেলেন যারা
যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, আরও পদ পেলেন যারা
আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ
আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ
বিক্ষোভ কর্মসূচির ডাক দিল জামায়াত
বিক্ষোভ কর্মসূচির ডাক দিল জামায়াত