এনসিপির কর্মসূচিতে হামলা, ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসবে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব আল ফারাবি।
রোববার (৭ জুন) সকালে দায়েরকৃত মামলার আসামিদের মধ্যে নিলয় ও রাজু নামে দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, শনিবার বিকেলে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। এ সময় ভাঙচুর করা হয় মঞ্চ ও অনুষ্ঠানস্থল। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলায় বাধা দিলে বাদীসহ আরও ৫-৬ জনকে মারধর করে তারা। এছাড়া অনুষ্ঠানের মাইক, সাউন্ডবক্স, ব্যাটারি ও উৎসবের জন্য আনা ফলসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় আসামিরা।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রুপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম সুরুজ।
মামলার বিষয়ে কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের নেতা মারুফ মোল্লা ও সুলতান মাহমুদসহ ১২০ জনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে আমাদের আহত কর্মী আল ফারাবি। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা চাই বাংলাদেশে পুরানো রাজনীতি যেন আর নতুন ধারায় পুনরায় প্রতিষ্ঠিত না করতে পারে, সেই বিষয়ে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







