কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নোয়াখালীর সদর উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও শপথ গ্রহণ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা দলের সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়।
শনিবার (৬ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের সাহেবের হাট এলাকায় ছাত্রলীগের নেতা সৈয়দ নাঈমের নেতৃত্বে নেতাকর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করছে। মিছিল শেষে ছাত্রনেতা নাঈম উপস্থিত নেতাকর্মীদের শপথ পড়ান। শপথে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত তারা সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। একইসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট এলাকায় প্রায় তিন হাজার নেতাকর্মীর অংশগ্রহণে আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের সংখ্যা বেশি হওয়ায় সেখানে পুলিশ পিছু হটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে নোয়ান্নই, এওজবালিয়া ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ২৪ জনকে আটক করে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শন শ্রীরাম ভট্টাচার্য জানান, এটি আগের ভিডিও নতুন করে ছাড়া হচ্ছে। শুক্রবারের ঘটনার পর অভিযান চালিয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে তদন্ত চলছে এবং এখনও সেটির সত্যতা পুরোপুরি নিশ্চিত করা যায়নি।
ভিওডি বাংলা/এফএ







