• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আগামীকাল বিসিবি নির্বাচন ৩৪ ঘণ্টা সীমান্তে আটকে নারী-শিশুসহ ১০, মিলছে না সমাধান ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ৩ মাসের বিশেষ অভিযান শুরু প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর, নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৮ কর্মসূচি বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর, নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৮ কর্মসূচি

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৮:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পর্যটননগরী কক্সবাজারে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া দুই দিনের এ সফরে একাধিক উন্নয়ন, জনসম্পৃক্ত ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিও রয়েছে।

যদিও এখনো প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি, সংশ্লিষ্ট একাধিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। সফরে তার সঙ্গে থাকার কথা রয়েছে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের। এছাড়া মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতারাও সফরসঙ্গী হতে পারেন।

সম্ভাব্য কর্মসূচি

সফরের প্রথম দিন ১৪ জুন চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পার্ক এলাকা পরিদর্শনের পর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবন ‘সাঈদ ম্যানশন’-এ মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। এছাড়া চকরিয়া উপজেলা থেকে পৃথক হওয়া নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে সম্ভাব্য তালিকায়।

একই দিন বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি সড়কপথে কক্সবাজার শহরে ফিরে রাতযাপন করবেন।

পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি তদারকিতে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি তদারকির জন্য ১২ জুন কক্সবাজারে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন তিনি।

জোর প্রস্তুতি চলছে

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার (৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সম্ভাব্য অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করেন।

তিনি ডুলাহাজারা সাফারি পার্ক, চকরিয়া পৌর বাস টার্মিনাল, কোনাখালীর বটতলী এবং পেকুয়া সদর এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এবং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে জ্যেষ্ঠ সচিব জনসভা ও অন্যান্য কর্মসূচি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরে যুক্ত হতে পারে খাল খনন প্রকল্প

সফরসূচিতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল খনন কর্মসূচিও যুক্ত হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, “১৪ জুন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। তিনি আসবেন, তাই নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী
সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী