আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের (শোকজ) সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকেলের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
তিনি জানান, জনস্বার্থ এবং মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে আইন অনুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্ত্রী আরও জানান, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, গ্রাম থেকে উপজেলা এবং উপজেলা থেকে ঢাকামুখী দুই ধাপেই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে। দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে দুই ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ (পোস্ট ডেলিভারি) ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
ভিওডি বাংলা/এফএ







