বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ

দেশ পরিচালনা ও প্রশাসনিক কর্মকাণ্ডে বিএনপির অভিজ্ঞতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বিএনপিকে একটি ‘অজনপ্রিয় সরকার’ হিসেবে আখ্যায়িত করেন।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলার একটি পার্টি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘দেশে গ্যাস, তৈল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে যা দাম বেড়েছিল তিন মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সবমিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম মব বন্ধ করার ঘোষণা দিলেও মব বাড়ার সঙ্গে সঙ্গে সর্বক্ষেত্রে সরকার দলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না।’
এনসিপির সাংগঠনিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘যারা একটা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। এই সক্ষমতা এনসিপির তৈরি হয়েছে। সাধারণ মানুষের পক্ষে কথা বলার কোনও ব্যক্তি বা দল নেই। দেশের মানুষের পক্ষে কথা বলার একমাত্র বিরোধী দলের ভূমিকায় আছে এনসিপিই।’
নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়েছি, সেটা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এ সময় তিনি ভবিষ্যতে কুমিল্লাকে এনসিপির ‘রোল মডেল জেলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে উপস্থিত ছিলেন এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সভাপতি তারিকুল ইসলামসহ জেলা পর্যায়ের নেতারা।
ভিওডি বাংলা/এমএস







