• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আগামীকাল বিসিবি নির্বাচন

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৯:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

রোববার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন। ২৫টি পরিচালক পদের মধ্যে ১৫টি পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হবে।

ইতোমধ্যে ১০টি পরিচালক পদ কার্যত নির্ধারিত হয়ে গেছে। এর মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আরও ২ জনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা

ক্যাটাগরি-১ থেকে ফেনী জেলা ক্রীড়া সমিতির শরিফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করলে চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ঢাকা বিভাগ থেকে সৈয়দ বিন জামান এবং এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদও একইভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমিন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

খুলনা-বরিশালে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন

খুলনা ও বরিশাল বিভাগে হবে সরাসরি ভোট। এই দুই বিভাগ থেকে মোট তিনজন পরিচালক নির্বাচিত হবেন।

খুলনার দুটি আসনে লড়বেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। বরিশালের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর লড়াই

লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান মনোনয়ন প্রত্যাহার করলেও ক্লাব ক্যাটাগরিতে ভোট অনুষ্ঠিত হবে।

এখানে মোট ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালিকায় রয়েছেন—ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ফয়জুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানীম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম এবং মেজর ইমরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত)।

ভোটের দিনই সভাপতি নির্বাচন

পরিচালক পদে ভোটগ্রহণ শেষে একই দিন বিসিবির সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে শুক্রবার রাতে ঢাকায় কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরে সমর্থন চান।

তামিম ইকবালের বার্তা

অনুষ্ঠানে বিসিবির অস্থায়ী সভাপতি তামিম ইকবাল সম্ভাব্য পরিচালকদের উদ্দেশে বলেন, ‘এই প্রার্থীদের মধ্যে ক্রিকেটার, ব্যবসায়ী, ডাক্তার এবং রাজনৈতিক পরিবারের লোকজন আছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে, মিরপুর স্টেডিয়ামে প্রবেশের সময় আমাদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসতে হবে। একবার এই চেয়ারে বসলে, আপনার একমাত্র দায়িত্ব হবে বাংলাদেশ ক্রিকেটের সেবা করা।’

তিনি আরও বলেন, ‘এখানে ব্যক্তিগত পরিচয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো- খেলার জন্য কাজ করার প্রবল ইচ্ছা।’

নতুন নেতৃত্বে তরুণদের অংশগ্রহণের বিষয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।

তামিম বলেন, ‘অভিজ্ঞতার অবশ্যই মূল্য আছে এবং অভিজ্ঞ সংগঠকরা গুরুত্বপূর্ণ। একই সাথে, আমি বিশ্বাস করি তরুণ, উদ্যমী এবং নতুন মানসিকতার মানুষও সমান গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত প্রার্থীদের মধ্যে আমাদের এমন অনেক ব্যক্তি আছেন। আশা করি নির্বাচিত হলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করবেন তারা।’

তিনি আরও আশা প্রকাশ করেন, নির্বাচনের পর বিসিবিতে স্থিতিশীলতা ফিরবে।

তামিম বলেন, ‘গত দেড় থেকে দুই বছরে অনেক কিছু ঘটেছে। আমি আগেও এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি। আশা করি, এই নির্বাচনের পর যিনিই নির্বাচিত হবেন, তিনি একটি স্থিতিশীল বোর্ড গঠন করবেন। একটি স্থিতিশীল বোর্ড বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে এবং খেলাকে সঠিক পথে অগ্রসর হতে সাহায্য করবে।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ জিতবে ফ্রান্স, দুঃসংবাদ পেল ব্রাজিল
রয়টার্সের জরিপ বিশ্বকাপ জিতবে ফ্রান্স, দুঃসংবাদ পেল ব্রাজিল
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি
মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী