• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট শুরুর আগে দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসির চোট নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা কিছুটা হলেও কমেছে এমনটাই জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বাম হ্যামস্ট্রিংয়ের পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা, যা তিনি গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলার সময় পান, এরপরই জাতীয় দলে যোগ দেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে মেসির বর্তমান অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে দলের সঙ্গে অনুশীলনের একটা বড় অংশে অংশ নিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সে দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নয় বরং ধাপে ধাপে মানিয়ে নিচ্ছে। বিশ্বকাপের আগের দুটি প্রীতি ম্যাচের কিছু মিনিটে সে মাঠে নামতে পারে।

আমরা দেখছি কালকের ম্যাচে নাকি তার পরের ম্যাচে তাকে খেলানো যায়। তবে সে এখন অনেক ভালো বোধ করছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় টেক্সাসের কলেজ স্টেশনের ‘কাইল ফিল্ড’-এ হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তারা।

এদিকে দলের আরও চার গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, নিকো পাজ এবং গঞ্জালো মন্তিয়েল চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় আলাদাভাবে অনুশীলন করছেন।

এই খেলোয়াড়দের নিয়ে স্কালোনি বলেন, ‘যে ছেলেরা আলাদাভাবে অনুশীলন করছে, তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আমরা যখন চূড়ান্ত দল জমা দিয়েছিলাম, তখনই তাদের এই পরিস্থিতির কথা আমাদের জানা ছিল। তারা এখন ঠিক আছে, তবে আমরা এই প্রীতি ম্যাচগুলোতে তাদের খেলিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। মূল পরিকল্পনা হলো, তারা যেন এই প্রীতি ম্যাচগুলোতে অংশ না নেয়। আগামীকালকের ম্যাচে তো তারা নিশ্চিতভাবেই খেলছে না। হয়তো পরের ম্যাচে কারো কারো অংশ নেওয়ার কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবে পরিস্থিতি বর্তমানে এমনই।’

চোটপ্রবণ খেলোয়াড়দের নিয়ে কঠোর অবস্থানের কথাও স্পষ্ট করেছেন আর্জেন্টিনা কোচ। প্রয়োজনে বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াড থেকে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘এমনটা (দল থেকে বাদ পড়া) ঘটতেই পারে। আজ আমাদের মনে হচ্ছে ছেলেরা ভালো করছে, তবে আমরা এই বিষয়ে শতভাগ নিশ্চিত যে, যদি তাদের কেউ পুরোপুরি ফিট না থাকে, তবে তাকে দলের বাইরেই রাখা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের কাছে এই বিষয়টি একদম পরিষ্কার। আপাতত তারা ভালো করছে এবং আমরা তাদের ওপর কড়া নজর রাখছি। তবে যখন চূড়ান্ত সময়টি আসবে, অর্থাৎ শেষ সপ্তাহ, যেখানে তাদের শতভাগ ফিটনেস প্রমাণ করতে কঠোর পরিশ্রম করতে হবে, তখনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব; যদিও কোনো ছেলেকে দল থেকে বাদ দিতে হলে আমাদের নিজেদেরই খুব কষ্ট হবে।’

আগামী ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘গ্রুপ জে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া এবং জর্ডান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে থাকছে না ভুভুজেলা
বিশ্বকাপে থাকছে না ভুভুজেলা
নেইমার খেলতে পারবেন না
নেইমার খেলতে পারবেন না
আর্জেন্টিনা জার্সি গায়ে থাকলে অর্ধেক ফি নিবেন এক আইনজীবী
আর্জেন্টিনা জার্সি গায়ে থাকলে অর্ধেক ফি নিবেন এক আইনজীবী