নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেটে দ্রুত রানের আক্ষেপটা পুরোনো। বিশেষ করে টি-টোয়েন্টিতে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং, বড় স্ট্রাইকরেট কিংবা পাওয়ারপ্লে কাজে লাগানো এসব জায়গায় প্রায়ই প্রশ্ন ওঠে। এডিনবরায় সেই আলোচনার মাঝেই ঝড় তুললেন দিলারা আক্তার। নেদারল্যান্ডসের বিপক্ষে খেললেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে বিরল এক টি-টোয়েন্টি ইনিংস।
বৃষ্টিতে কমে আসা ম্যাচে মাত্র ২২ বলে ফিফটি তুলে নেন দিলারা। মেয়েদের টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্রুততম অর্ধশতক। এর আগে রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ফিফটি করেছিলেন রুমানা। পাঁচ বছরের বেশি সময় পর সেই রেকর্ড নিজের করে নিলেন দিলারা।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৮ ওভারে। ছোট ম্যাচে শুরু থেকেই দ্রুত রান তোলার প্রয়োজন ছিল। সেই কাজটাই করেন ওপেনার দিলারা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ ওভারে ৩ উইকেটে তোলে ৯৮ রান। ইনিংসের মূল ভরসা ছিলেন দিলারা। ২৬ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। তাঁর ব্যাটিংয়ে ছিল স্পষ্ট আগ্রাসন, টাইমিং এবং সুযোগ পেলেই বাউন্ডারি বের করার মানসিকতা। বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আরেক ওপেনার জুরাইয়া ফেরদৌস, খেলেছেন ৮ বল।
৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসও লড়াই করেছে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রানে থেমে যায় তারা। বাংলাদেশ পায় ১৩ রানের জয়।
এই জয়ে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ শেষে বাংলাদেশের মেয়েদের অবস্থান পয়েন্ট তালিকার দুইয়ে। চার ম্যাচের দুটিতে হেরেছে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে দিলারার ইনিংস বাংলাদেশের জন্য বড় ইতিবাচক দিক হয়ে থাকবে।
ভিওডি বাংলা/আরআর/আ







