বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার

রাজধানীর আগারগাঁওয়ে মাকে অচেতন করে বান্ধবীকে নিয়ে পালানো দুই বোনকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে ওই তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানা সূত্র জানায়, মঙ্গলবার (২ জুন) মো. হাসিবুর রহমান রনি থানায় এসে জানান যে, তার মেয়ে মানহা হাসিব রাইসা সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী দিপীকা ও দিপীকার ছোট বোন দিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে গত ২ জুন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ জিডি করা হয়।
পল্লবী থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে।
সূত্র আরো জানায়, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা (বিজ্ঞান বিভাগ) ও মানহা হাসিব রাইসা (ব্যবসায় শিক্ষা বিভাগ) একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতো। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিতো। এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা গত সোমবার দুপুরে তার মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে টাকা, স্বর্ণালংকার ও কাপড়সহ তার ছোট বোন দিয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। পরে মানহাকে নিয়ে সিএনজিতে চড়ে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করে।
উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







