ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জমে উঠেছে লড়াই। প্রথম ৪১ মিনিট পর্যন্ত দুই দলই গোলশূন্য ছিল। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে গেলেও মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুর্দান্ত গোলে সমতা ফেরায় বাংলাদেশ। এতে শিরোপা জয়ের স্বপ্ন আরও জোরালো হয়েছে লাল-সবুজের সমর্থকদের মধ্যে।
ম্যাচের ৪২ মিনিটে ভারতকে এগিয়ে দেন পেয়ারি জাজা। আক্রমণ ঠেকাতে বাংলাদেশের সুরভী এগিয়ে গেলেও তিনি বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। উল্টো বলটি তার গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলরক্ষক মিলি অনেকটা সামনে এগিয়ে থাকায় বলটি তার মাথার ওপর দিয়ে ভেসে গিয়ে জালে জড়িয়ে যায়।
তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের জন্য। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ সমতায় ফেরে বাংলাদেশ।
আনিকার কাছ থেকে বল পেয়ে তহুরা তা ঋতুপর্ণার দিকে বাড়িয়ে দেন। এরপর বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে নিখুঁত কোনাকুনি শটে বল পাঠান ঋতুপর্ণা। ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে বলটি জালে জড়ায়, আর উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির।
এই গোলে ফাইনালে ফিরে আসে বাংলাদেশ, আর হ্যাটট্রিক শিরোপার আশা আরও জোরালো হয়ে ওঠে।
ভিওডি বাংলা/এমএস







