ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

ঢাকার দুই এলাকায় গ্যাস বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন যুবক দগ্ধ হয়েছেন। এছাড়া উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পাইকপাড়া থেকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, মিরাজ, সুজন ও বিপ্লব।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে।
অন্যদিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- গৃহকর্তা আলী হোসেন, তার স্ত্রী হাসনা হেনা এবং তাদের মেয়ে আখি।
শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্নইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান আজ সকালের দিকে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ হয়ে আলী হোসেন শরীরে ১০০ শতাংশ দগ্ধ, হাসনাহেনা শরীরে দগ্ধ ৬০ শতাংশ এবং আঁখি শরীরে ১৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে এসেছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) সুমনা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
ভিওডি বাংলা/এফএ







