যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার (০৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান।
বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ভিওডি বাংলা/এএইচ/এমএস
ভিওডি বাংলা/বিন্দু/এএইচ/এমএস







