• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নারী পুলিশের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের আহ্বান আবদুল মাবুদের

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ০৫:৪৬ পি.এম.
পুলিশ ট্রেনিং সেন্টারে বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ। ছবি: ভিওডি বাংলা

নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং পেশাগত দক্ষতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি বলেন, আধুনিক পুলিশিং ব্যবস্থায় নারী সদস্যদের ভূমিকা কেবল সহায়ক নয়, বরং নেতৃত্ব পর্যায়েও তাদের অবদান ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) “BPWN কৌশলগত পরিকল্পনা ২০২৪–২০২৭ বাস্তবায়ন বিষয়ক পরামর্শমূলক কর্মশালা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN), বাংলাদেশ পুলিশ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় নারী পুলিশ সদস্যদের পেশাগত উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, একজন নারী পুলিশ সদস্যকে নিজের সক্ষমতা সম্পর্কে সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের বিভিন্ন ইউনিটে নারী পুলিশ কর্মকর্তারা পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করছেন। এটি প্রমাণ করে যে, সুযোগ পেলে নারীরাও সমান দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নারীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও নারীরা তাদের মেধা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তাই নারী পুলিশ সদস্যদের নিজেদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করে সামনে এগিয়ে যেতে হবে।

পুলিশ কমিশনার কর্মস্থল পরিবর্তন বা বদলি প্রসঙ্গে বলেন, চাকরির অংশ হিসেবে পোস্টিং একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে যেকোনো পরিবেশে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করাই একজন দক্ষ পুলিশ সদস্যের বৈশিষ্ট্য। তিনি বলেন, একজন সদস্যের পরিচয় তার কাজ, নিষ্ঠা এবং দায়িত্ব পালনের মানের ওপর নির্ভর করে।

তিনি আরও যোগ করেন, পেশাগত জীবনে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমনকি ব্যক্তিগত বা পারিবারিক কোনো সংকট থাকলেও দায়িত্ব পালনের সময় ধৈর্য, সংযম এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। আবেগ নিয়ন্ত্রণ করতে পারা একজন সফল পুলিশ সদস্যের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।   

কর্মশালায় তিনি “সততা, পেশাদারিত্ব এবং সক্ষমতার প্রতি শ্রদ্ধা” নীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারী ও পুরুষ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব। শারীরিক সক্ষমতার ক্ষেত্রে কিছু পার্থক্য থাকলেও জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের ক্ষেত্রে নারীরা কোনো অংশে কম নয়।

তিনি আরও বলেন, নারী সদস্যদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এজন্য নারী-বান্ধব বাজেট, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণই একজন সদস্যকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে। তাই প্রশিক্ষণ গ্রহণের সুযোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার পুরুষ সদস্যদের উদ্দেশে বলেন, নারী সহকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে হবে। তিনি বলেন, নারী পুলিশ সদস্যরা আমাদের সহকর্মী, আমাদের সমাজের মা ও বোনের প্রতিচ্ছবি। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি একটি পেশাদার পরিবেশ গঠনে সহায়ক হবে।

তিনি আরও উল্লেখ করেন, নারী ও পুরুষ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টাই দেশের জনগণকে উন্নত সেবা প্রদান এবং বাংলাদেশ পুলিশের মর্যাদা আরও সুদৃঢ় করতে পারে। একটি কার্যকর, মানবিক এবং আধুনিক পুলিশ বাহিনী গঠনে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

কর্মশালায় বিভিন্ন ইউনিটের নারী পুলিশ সদস্য, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।  

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা
বাজেট ২০২৬-২৭ দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা
তিন বছর পর পরিবারের খোঁজ পেলেন বাকপ্রতিবন্ধী যুবক
তিন বছর পর পরিবারের খোঁজ পেলেন বাকপ্রতিবন্ধী যুবক
আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে কুয়েতগামী ফ্লাইট সৌদিতে অবতরণ
আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে কুয়েতগামী ফ্লাইট সৌদিতে অবতরণ