সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫

লক্ষ্মীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এক ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আইনজীবীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার পর ১৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে লক্ষ্মীপুর শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার ঘটনার বিচার দাবি করেন ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। তিনি পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, তোফাজ্জল হোসেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী একটি পক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, গত ১৩ জুন সকালে বিরোধপূর্ণ একটি নির্মাণাধীন ভবন দখলের চেষ্টা করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বাধা দিতে গেলে একদল লোক হামলা চালায়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পৌর ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব হোসেনকে। তার পাশাপাশি মনির হোসেন, এপার হোসেন, শরীফ হোসেন, স্বজন হাসানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১২ জনকেও আসামি করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলার সময় তাদের মারধর করা হয় এবং কয়েকজন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে স্থানীয় বাসিন্দা সাইফুল সাদেক বাবুও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার সময় পথেও তাদের বাধা ও হামলার মুখে পড়তে হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।
এদিকে এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেন অভিযোগ করেছেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তারপরও তাকে একটি পাল্টা মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িতরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে তারা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভিওডি বাংলা/জা







