• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ০৩:০১ পি.এম.
পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ডিএমপির সমন্বয় সভা। ছবি: সংগৃহীত

আগামী ২৬ জুন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় ডিএমপি সদরদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

আরও পড়ুন: আশুরার তারিখ জানা যাবে আজ

তিনি বলেন, আশুরার কর্মসূচি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, তাজিয়া বা শোক মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ কোনো ধরনের ধারালো বা বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা থাকবে।

তিনি আরও বলেন, পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়াকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ডগ স্কোয়াড ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন।

অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশুরা উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার বিষয়ে মতামত ও প্রস্তাবনা দেন।

এতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি