পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী মো. আকাশ ওরফে টান আকাশকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৩টি মামলা চলমান বলে মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৪।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১০ জুন রাজধানীর পল্লবীর এভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ গ্রুপের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় টান আকাশ, গালকাটা রাব্বি, আল-আমিন, র্যাপার পারভেজসহ কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের মহড়া ও গোলাগুলি চালায়। এতে হৃদয় ওরফে ‘গন্ডার’ আহত হন এবং আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
চাঞ্চল্যকর এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দেয়। ঘটনার পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব-৪ জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টান আকাশের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আকাশ পল্লবী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি এবং আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধের অন্তত ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, পল্লবীর সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান জোরদার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত টান আকাশকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







