• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পরিবারের দাবি

শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ১১:৪৮ এ.এম.
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই বিমানবন্দর নয়, বরং একটি শপিং মল থেকে আটক করা হয়েছে বলে নতুন দাবি করেছে তার পরিবার। তাদের ভাষ্যমতে, গত ১২ জুন তাকে বাসার পাশের একটি শপিং মলে ডেকে নেওয়ার পরই দুবাই পুলিশ তাকে হেফাজতে নেয়। পরিবারের দাবি, ঘটনাটি কোনো পূর্বঘোষিত বিমানবন্দর গ্রেপ্তার নয়, বরং ব্যক্তিগত সাক্ষাতের আড়ালে পরিকল্পিতভাবে তাকে আটক করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দুবাইয়ে বসবাস করছেন। ঘটনার দিন তিনি বাসায় অবস্থান করছিলেন। সেদিন তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলের এক সংসদ সদস্য তাকে ফোন করে কাছাকাছি একটি শপিং মলে দেখা করতে বলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই স্থানে পৌঁছানোর পর আগেই সেখানে অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই সময় ওই সংসদ সদস্যের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোকজনও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই এখনো পাওয়া যায়নি।

পরিবার আরও দাবি করছে, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগের পর তারা জানতে পেরেছে, স্থানীয়ভাবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের ধারণা, বাংলাদেশ পুলিশের অনুরোধে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

তারা অভিযোগ তুলেছে, সংশ্লিষ্ট সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশ সংক্রান্ত তথ্য দুবাই কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখতে পারেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আটক হওয়ার পর দুবাই পুলিশ তার অবস্থান, ভিসা ও আইনি বৈধতা যাচাই করে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের পাঠানো ইন্টারপোল সংক্রান্ত তথ্যও পর্যালোচনা করা হয়।

আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে দুবাইয়ে তার পক্ষে একজন স্থানীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ওই আইনজীবীর মাধ্যমে ঢাকায় থাকা মামলার নথিপত্রও দুবাই আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দুবাইয়ের আদালতের কার্যক্রম সাধারণত সাপ্তাহিক ছুটির কারণে সীমিত থাকে। ১৫ জুন ইসলামিক নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (১৬ জুন) আদালত পুনরায় কার্যক্রম শুরু করতে পারে বলে জানা গেছে।

আইনি মহল বলছে, ওই দিন আদালতে তাকে হাজির করা হলে প্রসিকিউশন পক্ষ থেকে আটকাদেশের আবেদন আসতে পারে, যার বিপরীতে জামিন আবেদন দাখিল করবেন তার আইনজীবী।

বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে ফেরত আনার প্রক্রিয়া একাধিক আইনি ধাপের ওপর নির্ভর করে। শুধু ইন্টারপোল রেড নোটিশ থাকলেই তাৎক্ষণিক প্রত্যর্পণ সম্ভব নয়।

সাবেক এক পুলিশ কর্মকর্তা মনে করেন, দুবাই কর্তৃপক্ষ প্রথমে অভিযোগের ধরন, ভিসা স্ট্যাটাস এবং সংশ্লিষ্ট দেশের মামলার নথি যাচাই করবে। এরপরই পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

তার মতে, যদি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করে, তাহলে দুবাইয়ের প্রসিকিউশন দপ্তর সেটি গভীরভাবে পর্যালোচনা করবে।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনজীর আহমেদের আটক হওয়ার বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) জানিয়েছেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালু রয়েছে।

তবে তিনি এটিও উল্লেখ করেন যে, বিষয়টি বর্তমানে দুবাইয়ের আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

ঘটনাটি এখন শুধু আইনি নয়, বরং কূটনৈতিক আলোচনার বিষয়ও হয়ে উঠছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়া হলে তা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে এগোবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক