পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় ১ নিহত, ২ জন উদ্ধার

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর হামলায় একজন নিহত হয়েছেন এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ঘটনার পর সেপ্টেম্বরের শুরু থেকে কথিত ‘নারকো-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মার্কিন নৌ-অভিযানে নিহতের সংখ্যা অন্তত ২০৮ জনে পৌঁছেছে।
মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরের পরিচিত চোরাচালান রুটে সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। হামলার পর জীবিতদের উদ্ধারের জন্য মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করা হয়।
তবে সেনাবাহিনী এখনো কোনো প্রমাণ প্রকাশ করেনি যে নৌযানটি মাদক বহন করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হামলার পর একটি নৌকায় আগুন ধরে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লাতিন আমেরিকার মাদক চক্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ‘সশস্ত্র সংঘাতে’ রয়েছে এবং এসব অভিযান যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ ও অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুর হার কমাতে প্রয়োজনীয়।
অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। সমালোচকদের মতে, প্রাণঘাতী ওভারডোজের জন্য দায়ী ফেন্টানাইল মূলত স্থলপথে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, ফলে সমুদ্রে এ ধরনের হামলার বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ভিওডি বাংলা/আ







