বিশ্বকাপ মঞ্চে ফেরার প্রস্তুতি, অনুশীলনে নেইমার

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে পয়েন্ট হারানোর ধাক্কার পর ব্রাজিল শিবিরে এলো কিছুটা স্বস্তির বাতাস। অবশেষে ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গত মঙ্গলবার নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে চোট পাওয়ার পর প্রথমবারের মতো বল পায়ে মাঠে দেখা গেছে তাকে।
তবে ব্রাজিল সমর্থকদের জন্য এখনই পুরোপুরি স্বস্তির খবর নয়। কারণ এখনও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে রয়েছেন এই তারকা ফুটবলার।
গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন।
চোটের সর্বশেষ অবস্থা জানতে গত সোমবার তার বেশ কয়েকটি মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয়। এরপর মঙ্গলবার মাঠে ফিরলেও দলের মূল স্কোয়াডের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি তিনি। ফিটনেস ফিরে পেতে হালকা রানিং ও ফিজিক্যাল কন্ডিশনিং নিয়েই কাজ করেছেন নেইমার।
আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় এই ম্যাচটি সেলেসাওদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চান না কোচ কার্লো আনচেলত্তি। তাই হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মাঠে নয়, বেঞ্চে বসেই সতীর্থদের উৎসাহ দিতে দেখা যেতে পারে ব্রাজিলের এই মহাতারকাকে।
ভিওডি বাংলা/আ







