রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী

রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই ঢাকার চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।
স্থানান্তর করা হচ্ছে যে চারটি বাস টার্মিনাল সেগুলো হলো- গাবতলী, মহাখালী, সায়েদাবাদ এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল।
পরিকল্পনা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল স্থানান্তর করা হবে হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল স্থান পাবে উত্তরা ও আব্দুল্লাহপুরের কাছাকাছি এলাকায়।
মন্ত্রী আরও জানান, কলাবাগান ও কল্যাণপুরসহ যেসব এলাকায় বাস কাউন্টার বা এসি কাউন্টারকে কেন্দ্র করে অস্থায়ী টার্মিনালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কলাবাগান, কল্যাণপুরসহ যে সমস্ত জায়গায় কাউন্টার, এসি কাউন্টার বা অনেকগুলো বেসরকারি বাসের কাউন্টারকে কেন্দ্র করে অস্থায়ী টার্মিনালের মতো হয়েছে, রাস্তার পাশে বাস দাঁড়িয়ে থাকে, তারা কাউন্টারগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেবে। আর অবশ্যই কাউন্টারের সামনে বাস এনে যাত্রী উঠাতে পারবে না, আমরা মোটামুটি এই পদক্ষেপ নিয়েছি।
বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ভিওডি বাংলা/এমএস







