• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১৮ জুন ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী সারা দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। জনগণের প্রত্যাশা পূরণে অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ উন্নয়ন ও গণতন্ত্রের কথা বললে তার কণ্ঠ রোধ করা হতো; গ্রেফতার, অপহরণ, এমনকি গুমের শিকার হতে হতো। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণ গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে। জনগণের প্রত্যাশা পূরণ, দেশের উন্নয়ন ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সেই আপোসহীন সংগ্রামের ফল আজকের বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে সরকার একটি উন্নত বাংলাদেশ গঠনের জন্য কাজ করছে।

নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া এবং রূপগঞ্জ-ইছাপুরা সেতু প্রসঙ্গে তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু দুটি। তবে একটি মহল বিভিন্ন কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করেছে। বর্তমান সরকার চায় দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে।

তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতু দুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, নগরপাড়া সেতু চালু হলে ঢাকা থেকে রূপগঞ্জ এবং সিলেটগামী যানবাহনের চলাচল আরও সহজ ও দ্রুত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, এস এম জিলানী, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-৩; এস এম জাহাঙ্গীর হোসেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮; জনাব মুন্সী রফিকুল আলম মজনু, মাননীয় সংসদ সদস্য, ফেনী-১; মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১; জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রীসহ অতিথিরা তারাবো পৌর অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করেন।

ভিওডি বাংলা/এএইচ/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু