আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১

বলিউডের আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ভারতের মুম্বাইয়ের রয়্যাল পাম স্টুডিওতে রিহার্সালের প্রস্তুতির সময় প্রাণ হারান এক শ্রমিক। নিহতের নাম চন্দ্রধারী সিংহ যাদব (৪২), তিনি পেশায় কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।
ঘটনাটি ঘটে অভিনেত্রী আলিয়া ভাটের একটি গুরুত্বপূর্ণ রিহার্সাল শুরুর আগমুহূর্তে। সেটে কাজ চলাকালীন হঠাৎ করেই দুর্ঘটনার শিকার হন ওই কারিগর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কিংবা শর্ট সার্কিটের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।
দুর্ঘটনার পরপরই শুটিং সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রযোজনা সংস্থা নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে ৪০ লাখ রুপি আর্থিক সহায়তার কথা জানানো হলেও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
চলচ্চিত্র শ্রমিকদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE) এ ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানোর দাবি তুলেছে। সংগঠনটির মতে, নিহত শ্রমিকের দুই কন্যার ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তত ৫০ লাখ রুপি বা তার বেশি আর্থিক সহায়তা দেওয়া উচিত।
এ ঘটনার পর আবারও বলিউডে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও নেপথ্যের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক সময় গাফিলতি থেকে যায়।
ভিওডি বাংলা/জা







