• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ১০:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজের। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই অভিনেতা।

‎কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও সোমবার (২২ জুন) মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে এফডিসিতে উপস্থিত হন বাপ্পারাজ। এতে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে শুরু হয় নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি সিদ্ধান্ত বদলে আবারও নির্বাচনে ফিরছেন তিনি?

‎তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বাপ্পারাজ নিজেই জানান, তিনি প্রার্থী হিসেবে নয়, বরং নিজের গড়া প্যানেলের পাশে দাঁড়াতেই এফডিসিতে এসেছেন।

‎বাপ্পারাজ বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে, তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সবসময় শুভকামনা।’

‎উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। বিশেষ করে সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তিকে তার সঙ্গে বিভিন্ন পরিকল্পনা, বৈঠক ও আড্ডায় দেখা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই সমীকরণ বদলে যায়।

‎পরবর্তীতে বাপ্পারাজের পরিবর্তে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন চলচ্চিত্রের পরিচিত সিনিয়র ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

‎আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, অর্থাৎ এফডিসিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা পাচ্ছেন শিল্পীদের আস্থা ও সমর্থন।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন
জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন
যমজ সন্তান লালন-পালন সহজ ছিল না : সুমাইয়া শিমু
মাতৃত্বের অভিজ্ঞতা যমজ সন্তান লালন-পালন সহজ ছিল না : সুমাইয়া শিমু
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে দোররা মারার নির্দেশ
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে দোররা মারার নির্দেশ