ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী

জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করা এবং পাশাপাশি সবুজ জলবায়ু তহবিলকে কার্যকর করা প্রয়োজন।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত “গ্রীষ্মকালীন দাভোস”-এ “ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ” শীর্ষক সেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এছাড়া প্রশমনের পাশাপাশি অভিযোজনও অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, সম্মেলনস্থলে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
“বৃহৎ পরিসরে উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে চীনের ডালিয়ান শহরে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের “গ্রীষ্মকালীন দাভোস”।
এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতি ও এর বিস্তৃত অর্থনৈতিক সুফলের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়টি এবারের সম্মেলনের অন্যতম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।
এবারের সম্মেলনে ৯০টির বেশি দেশের প্রায় ১,৭০০-এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
ভিওডি বাংলা/এফএ







