দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারী অনেকের জীবন কালো করে দেবে’ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রেহানা আক্তার রানু বলেন, কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।
বাজেট আলোচনায় বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন এবং তাকে সহযোগিতা করুন। কারণ, কারো কারো কর্মকাণ্ডের কারণে যদি আবারো ‘দানব হাসিনা’ ফিরে আসে—আল্লাহ না করুক—তবে যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা তিনি কালো করে ছাড়বেন।
বাজেট ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা আর কমাতে চান না, তাই বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। এছাড়া ব্যাংক থেকে যারা টাকা লুটপাট করেছেন এবং গ্রাহকের আমানত বিদেশে পাচার করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাচারকারীদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার দাবি জানান তিনি।
সবশেষে তিনি জুলাইয়ের আন্দোলনে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের বিচার না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং এর দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ গ্যাস সংযোগ প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য।
ভিওডি বাংলা/আরআই/এফএ







