বড় পর্দায় বিশ্বকাপ, ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ইশরাকের

ফিফা বিশ্বকাপ–২০২৬ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে নতুন মাত্রা যোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফুটবলপ্রেমীদের জন্য জায়ান্ট স্ক্রিন ও প্রজেক্টর স্থাপনের এ উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ করে দিতে রাজধানীর অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজে জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি পুরান ঢাকার গুরুত্বপূর্ণ সামাজিক ও জনবহুল এলাকাগুলোতেও খেলা দেখার জন্য প্রজেক্টর স্থাপন করা হয়েছে।
প্রজেক্টর স্থাপন এলাকাগুলো হল সোহরাওয়ার্দী কলেজ, কানপুরী সুইপার কলোনী, মাদ্রাজি সুইপার কলোনী, ধূপখোলা কমিউনিটি সেন্টারের সামনে এবং দয়াগঞ্জ মোড়ে সোনালী ব্যাংকের সামনের এলাকা। এসব স্থানে প্রতিদিন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী একত্রিত হয়ে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন।
বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। ক্যাম্পাসের আবহে বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে একসঙ্গে খেলা দেখার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের উচ্ছ্বাসও বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হওয়ায় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছে। শুধু তাই নয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে বসে খেলা দেখছেন।
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী মানুষের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ জন সমাগমস্থল গুলোকে কেন্দ্র করে নেওয়া এই উদ্যোগ বিশ্বকাপকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিয়েছে। ফলে ঘরে বসে নয়, বরং সম্মিলিতভাবে ফুটবলের বৈশ্বিক এই মহাযজ্ঞ উপভোগ করার সুযোগ পাচ্ছেন হাজারো দর্শক।
ফুটবল বিশ্বকাপ–২০২৬ ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজে জায়ান্ট স্ক্রিন ও পুরান ঢাকার বিভিন্ন স্থানে প্রজেক্টর স্থাপনের এই উদ্যোগকে অনেকেই ক্রীড়া সংস্কৃতি বিকাশ ও তরুণ প্রজন্মকে ইতিবাচক বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার একটি ব্যতিক্রমী প্রচেষ্টা হিসেবে দেখছেন। এর মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরান ঢাকার অলিগলি থেকে শুরু করে শিক্ষাঙ্গনের প্রাঙ্গণ পর্যন্ত।
ভিওডি বাংলা/এএইচ/আরআই/এফএ







