• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিয়ম ভেঙে ৪০ জনকে সদস্যপদ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৩:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

অভিযোগ উঠেছে, গঠনতন্ত্রে উল্লেখিত শর্ত পূরণ না করেই নিয়মবহির্ভূতভাবে প্রায় ৪০ জনকে পূর্ণ সদস্যপদ ও ভোটাধিকার দেওয়া হয়েছে। সমালোচকদের দাবি, নতুন সদস্যদের মধ্যে এমনও রয়েছেন, যাদের পাঁচটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে অভিনয়ের শর্ত পূরণ হয়নি। আবার কেউ কেউ কোনো মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছাড়াই সদস্যপদ পেয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

‎শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, পূর্ণ সদস্য হতে হলে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত কমপক্ষে পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হবে। এরপর কার্যকরী পরিষদের অনুমোদন সাপেক্ষে তিনি পূর্ণ সদস্যপদ ও ভোটাধিকার লাভ করবেন। 

সমিতির সদস্য এবিএম সোহেল রশিদ অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র উপেক্ষা করে প্রভাব খাটিয়ে পরিচিতজন ও স্বজনদের সদস্য করা হয়েছে। তার দাবি, অতীতে সদস্য হতে অনেক বছর অপেক্ষা করতে হলেও এবার সেই নিয়ম মানা হয়নি।

‎অভিযোগে আরও বলা হয়েছে, নতুন সদস্যদের তালিকায় এমন কয়েকজন রয়েছেন, যাদের অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দুই বা তিনটির বেশি নয়। এ তালিকায় অভিনেতা ডি এ তায়েবের মেয়ে দেওয়ানজাদী তুসমি তায়েফ টুনটুনির নাম নিয়েও আলোচনা তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, তারও পাঁচটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নেই।

তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন শিল্পী সমিতির বর্তমান সহ-সভাপতি ডি এ তায়েব। তিনি বলেন, গঠনতন্ত্রের বাইরে কোনো সদস্যপদ দেওয়া হয়নি এবং নির্বাচনকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ তোলা হচ্ছে। তার ভাষ্য, সব সিদ্ধান্তই আইন ও গঠনতন্ত্র অনুসরণ করেই নেওয়া হয়েছে।

‎এদিকে শিল্পী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর সানী বলেন, গঠনতন্ত্র অমান্য করে সদস্যপদ দেওয়া হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে তিনি জানান, তার জানা মতে নির্ধারিত যোগ্যতা পূরণ ছাড়া কাউকে পূর্ণ সদস্য বা ভোটার করা উচিত নয়।

অন্যদিকে নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি, অন্যদিকে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।

‎‎ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসছে নতুন গান‘চ্যাম্পিয়ন’
আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে
একই দিনে বাবা-ছেলের জন্মদিন, আনন্দে অপূর্বর পরিবার
অসুস্থতা ও আর্থিক সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া। ছবি: সংগৃহীত। ছবি: সংগৃহীত
অর্থকষ্টে চিকিৎসাহীন কাঙালিনী সুফিয়া