১৫ মাস বয়সেই ‘মোদিজি’ নাম জপছে সুনীল শেঠির নাতনি

তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার নিজের ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এমন এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের প্রবীণ অভিনেতা সুনীল শেঠি, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের কন্যা ইভারা নাকি খুব অল্প বয়সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিনতে শিখেছে। নিজের আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু জঙ্গল’ মুক্তি উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি তুলে ধরেন সুনীল শেঠি।
অভিনেতার ভাষ্য, মাত্র ১৫ মাস বয়সেই ইভারা নিয়মিত ‘মোদিজি’ বলে ডাকছে। বিস্ময়ের বিষয় হলো, পরিবারের কেউ তাকে এ বিষয়ে কিছু শেখায়নি। একবার বিমানবন্দরে তার আয়া (সেবিকা) ইভারাকে নরেন্দ্র মোদির একটি ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দেন। এরপর থেকেই প্রতিদিন সকালে একটি ধর্মীয় বই খুলে সেখানে থাকা মোদির ছবি দেখেই সে ‘মোদিজি’ বলে সম্বোধন করে।
সুনীল আরও জানান, শুধু নাম ধরে ডাকাই নয়, ঘরে থাকা গণেশ মূর্তির সামনে রাখা মিষ্টি এনে ইভারা সেটি মোদির ছবির সামনে নিবেদনও করে। নাতনির এমন আচরণে পরিবারের সদস্যরাও বিস্মিত হয়েছেন।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সুনীল শেঠি বলেন, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক নন। তবে রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদির ব্যক্তিত্বের তিনি প্রশংসক এবং সেটি তাকে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, নাতনির এই অভ্যাস গড়ে ওঠার পেছনে পরিবারের কোনো ভূমিকা নেই। তার ধারণা, মোদির ব্যক্তিত্বের আকর্ষণই হয়তো শিশুটির মধ্যে এমন আগ্রহ তৈরি করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা-মা হন আথিয়া শেঠি ও কেএল রাহুল। নাতনি ইভারাকে আথিয়ার ‘২.০ সংস্করণ’ উল্লেখ করে সুনীল বলেন, এখন তার অবসর সময়ের বেশিরভাগই নাতনির সঙ্গে কাটে। এমনকি কাজ শেষে বাসায় ফিরেই তিনি সবার আগে নাতনির খোঁজ নেন।
ভিওডি বাংলা/এমএস/এফএ








মন্তব্য