• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি    ১ জুলাই ২০২৬, ০২:৫০ পি.এম.
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে নামাজরত অবস্থায় নিজ মাকে হত্যা করার ঘটনায় মো. আবু বক্কর ছিদ্দিক (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খায়েরা বেগম ওরফে খায়রুন্নেছা (৮০) জোহরের নামাজ আদায় করছিলেন। এ সময় তার ছেলে আবু বক্কর ছিদ্দিক মাদকের টাকার জন্য ক্ষুব্ধ হয়ে কুড়াল দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর মামলার বাদী আবুল কাশেম বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করতেন। বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তার আচরণে পরিবর্তন আসেনি। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকরের দাবি জানান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ১০ গ্রাম, আহত অর্ধশত
ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড
হঠাৎ মাথা ঘুরে পড়লেন শতাধিক শ্রমিক, কারখানায় আতঙ্ক
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ