• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উদ্ধার মহড়ায় সিনেমা স্টাইলে বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০২:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রুটিন প্রশিক্ষণের একটি উদ্ধার মহড়াকে স্মরণীয় বিয়ের প্রস্তাবে পরিণত করলেন নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) এক শিক্ষানবিশ ফায়ারফাইটার। সহকর্মীদের সহযোগিতায় সাজানো সেই চমকের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ঘটনাটি ঘটে র‌্যান্ডালস আইল্যান্ড ফায়ার একাডেমিতে এফডিএনওয়াইয়ের বার্ষিক ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে। এদিন শিক্ষানবিশ ফায়ারফাইটাররা তাদের পরিবার ও বন্ধুদের সামনে প্রশিক্ষণের বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

জেসন রালফ নামের এক শিক্ষানবিশ ফায়ারফাইটার এই আয়োজনকেই বেছে নেন প্রেমিকা ডেজিয়া মুরকে চমকে দেওয়ার জন্য। তবে আগে থেকে কিছুই জানানো হয়নি ডেজিয়াকে। তিনি ভেবেছিলেন, উদ্ধার মহড়ায় একজন স্বেচ্ছাসেবী হিসেবেই অংশ নিচ্ছেন।

পরিকল্পনা অনুযায়ী, ডেজিয়াকে একটি ভবনের জানালার কার্নিশে বসানো হয়। এরপর পূর্ণ ফায়ারফাইটিং পোশাক পরে ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নেমে তাকে ‘উদ্ধার’ করেন জেসন।

উদ্ধার অভিযান শেষ হতেই আসল চমক দেন তিনি। সবার সামনে এক হাঁটু গেড়ে বসে আংটি বের করে ডেজিয়াকে বিয়ের প্রস্তাব দেন। একই সময়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সহকর্মীরা ‘আমাকে বিয়ে করবে?’ লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন।

অভিনব এই প্রস্তাবে সম্মতি জানান ডেজিয়া। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি প্রকাশ করে ফায়ার ডিপার্টমেন্ট। ক্যাপশনে তারা জানায়, ‘শিক্ষানবিশ ফায়ারফাইটার জেসন রালফের বিয়ের প্রস্তাবে ডেজিয়া মুর সম্মতি দিয়েছেন। অভিনন্দন।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই এই ঘটনাকে ভালোবাসার ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া প্রকাশ বলে মন্তব্য করেছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
গরু জবাই নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে বিজয় সরকার
তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রী
লাইভে থাকা অবস্থায় নারী এমপিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ