• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ১০:৩৩ পি.এম.
ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তেহরানে অনুষ্ঠিত বৈঠকে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের স্পিকার এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরান সফর করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ উপলক্ষে আয়োজিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের স্পিকার আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে তিনি শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং সে দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়।

বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে শতবর্ষী বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের আন্তরিক যোগাযোগ বিদ্যমান।’

তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানের জনগণ এবং সমগ্র অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।

বাংলাদেশের স্পিকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাকি বিরোধগুলোর টেকসই সমাধানে বর্তমান ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগাবে।

বৈঠকে মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ‘গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না’
ছবি: সংগৃহীত
বিআরটিএর কঠোর পদক্ষেপ এক মাসে ৭৫ চালকের লাইসেন্সে পয়েন্ট কর্তন
ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের ভিড়
ভিসা আবেদনে অভূতপূর্ব সাড়া, কৃতজ্ঞ ভারতীয় হাইকমিশন